1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী-চালক নিহত, আহত ২ - Stbanglatv.com
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী-চালক নিহত, আহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে সেলিম মিয়া (৩৫) এবং বর্ষাগাতি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে অটোরিকশাচালক উজ্জ্বল (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ‘অনন্যা পরিবহন’-এর একটি বাস বরাটিয়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যান।

দুর্ঘটনায় অটোরিকশাচালক উজ্জ্বলসহ আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু হয়।

আহত দুজন হলেন বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া ও পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বায়েজিদ মাহমুদ জানান, একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসচালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি