
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর মধ্যবাজারে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার দুস্থ, অসহায় ও নিম্নআয়ের শতাধিক মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়। নিউ ভিশন আই কেয়ার সেন্টারের অভিজ্ঞ চক্ষু চিকিৎসক আল ইমরানের নেতৃত্বে চিকিৎসক দলের সদস্যরা ক্যাম্পে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
চিকিৎসাসেবা নিতে আসা শেফালী বেগম বলেন, “কয়েকদিন ধরে চোখে ঝাপসা দেখছিলাম। টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। আজ বিনামূল্যে চোখের চিকিৎসা করালাম। ডাক্তার সাহেব অত্যন্ত যত্নসহকারে চিকিৎসা করেছেন।”
আরেক রোগী ফয়জন বেগম বলেন, “আমাদের মতো গরিব মানুষের চোখের চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন হয়। হেলাল ফাউন্ডেশন বাড়ির কাছে এ ধরনের ক্যাম্পের আয়োজন করে আমাদের অনেক উপকার করছে।” হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. হেলাল উদ্দীন বলেন, “অর্থের অভাবে যেন কোনো মানুষের চোখের আলো নিভে না যায়, সেই লক্ষ্যেই হেলাল ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও কসবা ইউনিয়নসহ পুরো উপজেলায় আমাদের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” ক্যাম্পের প্রধান অতিথি ফাইজুদ্দীন টুনু মাস্টার বলেন, “স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানুষের অন্যতম মৌলিক অধিকার। এই অধিকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। হেলাল ফাউন্ডেশন প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের জন্য যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে, তা মানবতার এক অনন্য দৃষ্টান্ত। এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই।” বিশেষ অতিথি রাহেমা বেগম বলেন, “হেলাল ফাউন্ডেশনের মাধ্যমে এর আগে আমি চক্ষু চিকিৎসা নিয়েছি এবং বর্তমানে অনেক সুস্থ আছি। গরিব রোগীদের জন্য হেলাল ফাউন্ডেশন একটি অনন্য দৃষ্টান্ত।” এ সময় ওবায়দুর রহমান, খায়রুল আলম, সামসুল হক সরদার, আবুল কালাম আজাদ, কোরবান আলী, বিফল চন্দ্র বর্মন, রাসেল, রোসদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ও সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং হেলাল ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
Leave a Reply