
মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে তিনি লালচামার বাজারে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়ন বর্তমানে ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে। নদীভাঙনকবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছি। এসব এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি বর্তমানে রাষ্ট্রক্ষমতায় রয়েছে, এর আগে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল। তাই ক্ষমতায় থাকাকালীন সবাইকে দায়িত্বশীল ও সংযত আচরণ করতে হবে। কোনোভাবেই সীমালঙ্ঘন করা যাবে না।
তিনি আরও বলেন, “আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আপনাদের গতি কমাতে হবে। ভদ্র, নম্র, সহনশীল হতে হবে এবং মুরুব্বিদের সম্মান করতে হবে। প্রয়োজনে তাদের জন্য চেয়ার ছেড়ে দিতে হবে।”
প্রতিমন্ত্রী বলেন, সুন্দরগঞ্জের মানুষের সার্বিক উন্নয়ন, নদীভাঙন রোধসহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে তিনি সর্বদা সজাগ থাকবেন। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তিনি।
এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন নদীভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
Leave a Reply