
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়ন গড়ে তুলতে তরুণ শিল্প উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। সোমবার (২৩ নভেম্বর ) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত তরুণ শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনের সেশনে তিনি প্রশিক্ষক হিসেবে অংশ নেন। সেশনে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের প্রয়োজনীয়তা ও আবেদন প্রক্রিয়া, শিল্পকারখানার পরিবেশগত কমপ্লায়েন্স, বায়ু, পানি ও শব্দদূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, শিল্প স্থাপনের প্রাথমিক পর্যায় থেকেই পরিবেশগত বিধিবিধান অনুসরণ করতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন উৎপাদন প্রযুক্তি (Cleaner Production) ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং পরিবেশদূষণ রোধে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, পরিবেশবান্ধব শিল্প উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে একটি দূষণমুক্ত, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তরুণ উদ্যোক্তাদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং দায়িত্বশীল শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষাকে শিল্পায়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করা।
© All rights reserved © 2026
Leave a Reply