
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মোঃ সুফিয়ান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজ মোড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আবু সাব্বির রাবু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন। এ সময় তারাপুর ঝাইটনপাড়া এলাকার মৃত একরামুল হকের ছেলে সুফিয়ানকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করতে এবং মাদকসংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে। পুলিশের আহ্বান—“মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনার পরিচয় গোপন থাকবে।”
© All rights reserved © 2026
Leave a Reply