
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহা. লতিফুর রহমান। কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মোহা. লতিফুর রহমান বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে এবং দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের দেশপ্রেম, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।” আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© All rights reserved © 2026
Leave a Reply