1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঢাকায় সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার, এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ঐক্যের আলোচনা - Stbanglatv.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ঢাকায় সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার, এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ঐক্যের আলোচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই দিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। বৈঠকে গণতন্ত্র, সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা, জাতীয় ঐক্য ও সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই দিয়েই তাদের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে এবং সেই লড়াই অব্যাহত থাকবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে এনসিপি নিজস্ব অবস্থান থেকে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, শুধু আলোচনা নয়, আলোচনার বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। সরকার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নিলে বৈঠক সফল হয়েছে বলে বিবেচনা করা যাবে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য আরও সুসংহত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সব নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। জাতীয় স্বার্থে দলীয় মত ও আদর্শের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক ঐক্য বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন সিএফ।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন আজিজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি