
ডেস্ক রিপোর্ট
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে প্রত্যর্পণ করবে না বলে ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে তিনি বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হলে তাঁর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার অনুরোধও জানানো হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস আগে একটি উচ্চপর্যায়ের ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, হাসিনার সঙ্গে কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ না করার বিষয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। তিনি আটক হলে তাঁর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানানো হয়েছে।
আনন্দবাজারের প্রতিবেদনে আরও দাবি করা হয়, ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনকে জানিয়েছে—ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা একাধিকবার প্রকাশ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে তিনি কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এদিকে বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার সন্দেহভাজন কয়েকজন সদস্যের উপস্থিতি নিয়েও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আগে কাশ্মীরে সক্রিয় ছিল বলেও দাবি করা হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply