মোহাম্মদ রাসেল: (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের নগরহাটি গ্রামে গলায় কাপড় পেঁচিয়ে অনিমেষ কর্মকার (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (১ আগস্ট) রাত থেকে ভোরের কোনো একসময় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
নিহত অনিমেষ কর্মকার নগরহাটি গ্রামের মৃত অরুণ চন্দ্র কর্মকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান অনিমেষ কর্মকার।ভোরে পরিবারের সদস্যরা তাকে ঘরের কাঠের ধর্ণার সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নিহতের বড় ভাই অসিত চন্দ্র কর্মকার জানান, অনিমেষ প্রায় সাত থেকে আট মাস ধরে মানসিক রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের ধারণা।
খবর পেয়ে ইটনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।