
মোঃ সবুজ সরদার,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামে মফিজার মোল্লা নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী ফতে বেগম ও বিয়াই মশিয়ার রহমানকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ঘটনার প্রায় তিন মাস পর শনিবার (২৯ আগস্ট) তাঁদের আটক করা হয়। এ সময় স্থানীয় জনতা দুজনকে মারধর করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটগাতী গ্রামের মফিজার মোল্লার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী ফতে বেগম ও একই ইউনিয়নের ইশানগাতী গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তাঁদের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল এবং ওই সম্পর্কের জেরে মফিজারকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগও রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয়রা ফতে বেগম ও মশিয়ার রহমানকে আটক করেন। পরে স্থানীয়রা লোহাগড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ সময় স্থানীয় জনতা দুজনকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মফিজার মোল্লার মৃত্যুর প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে আটক দুজনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ফতে বেগম ও মশিয়ার রহমানকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2023
Leave a Reply