
বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান
নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা অর্জনের লক্ষ্যে ইউনাইটেড ট্রাস্টের উদ্যোগে ৮টি অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) ওয়াহিদুর রহমান মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত অসচ্ছল ও কর্মপ্রত্যাশী নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের শুধু আর্থিক সহায়তা প্রদান নয়, বরং তাদের দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে স্থায়ীভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ইউনাইটেড ট্রাস্টের অন্যতম লক্ষ্য। একটি সেলাই মেশিন একজন নারীর হাতে তুলে দেওয়া মানে শুধু একটি কর্মের উপকরণ দেওয়া নয়; বরং তার নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করা।
সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা ঘরে বসেই বিভিন্ন ধরনের পোশাক তৈরি ও সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন। এতে একদিকে যেমন তাদের নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে পরিবারের আয় বাড়ার পাশাপাশি ধীরে ধীরে তারা স্বাবলম্বী হয়ে উঠবেন।
ইউনাইটেড ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা ইউনাইটেড ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করার পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউনাইটেড ট্রাস্টের এ উদ্যোগকে স্থানীয়ভাব নারীদের আত্মনির্ভরশীলতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
© All rights reserved © 2026
Leave a Reply