
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় জনৈক মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দকৃত যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে গত ২১ জুন ২০২৬ তারিখে একই উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে সোনামসজিদ বিওপির উত্তর-পশ্চিম পাশে পাকা সড়কে একটি বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি করে ১ জনকে আটকসহ ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছিল ৫৯ বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Leave a Reply