
মোঃ আশিকুর সরকার (রাব্বি) রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের অর্জুন মিশ্র এলাকায় একটি ডিপটিউবওয়েল ঘরের সাথে ছোট ঝুপড়ি তুলে ৬ সদস্যের পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন যতীন্দ্রনাথ ওরফে পটল কাকা। চরম অনিশ্চয়তা ও অভাব-অনটনে থাকা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজারহাট উপজেলা শাখা। আজ ২৯ জুলাই (বুধবার) সংগঠনটির নেতৃবৃন্দ পটল কাকার বাড়ীতে পৌঁছে তাঁর পরিবারের হাতে জরুরি খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন বলেন, সমাজের অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানো ও তাঁদের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সংকটের সময়ে এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন যতীন্দ্রনাথ পটল এবং স্বেচ্ছাসেবক দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Leave a Reply