
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা শ্যামলী বাস কাউন্টার থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত (২৫) নামে এক কাউন্টার মাস্টারকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানকারী দল।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপাশা শ্যামলী বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের সময় সন্দেহভাজন আরাফাতের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরাফাত নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মো. ছত্তার শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীপাশা শ্যামলী বাস কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
গ্রেপ্তারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়ারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আরাফাতকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তারা মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
© All rights reserved © 2023
Leave a Reply