
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে (১৪ এপ্রিল) তারিখ রাতের প্রথম প্রহরে দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে কৌশলগত অবস্থান নেয়। এসময় একটি প্রাইভেট কার (অ্যাকর্ড, ২৩৫০ সিসি) থামিয়ে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপসহ আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর এলাকার বাসিন্দা। অপরদিকে, একই রাতে আরেকটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস থেকে প্রায় ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামে গণকবর সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৫৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চক্রটি পালিয়ে যায়। আটককৃত আসামী, জব্দকৃত মাদকদ্রব্য ও প্রাইভেট কারের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত তিন মাসে এই ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় ৪,৫০০ বোতল বিভিন্ন ধরনের নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে।
© All rights reserved © 2023
Leave a Reply