
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভুয়া অ্যাডমিট কার্ড ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দেওয়ার চেষ্টা করার সময় এক নারী পরীক্ষার্থী ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।
জানা যায়, তাসফিয়া রহমান চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে তার ফুফাতো ভাইয়ের সহায়তায় ভুয়া প্রবেশপত্র তৈরি করেন। সেই প্রবেশপত্র নিয়ে তিনি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন।
পরীক্ষা শুরুর আগে নিয়ম অনুযায়ী অ্যাডমিট কার্ড যাচাইয়ের সময় কর্তব্যরত শিক্ষক ও কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে কোড নম্বর ও পরীক্ষার বিষয় মিল না থাকায় যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায় যে প্রবেশপত্রটি ভুয়া।
এরপর বিষয়টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ উপজেলা প্রশাসনকে জানান।
পরে আটক দুজনকে কেন্দ্রের কার্যালয়ে রাখা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
ইউএনও জানান, ভুয়া প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টার ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply