
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে টোল আদায় বন্ধ এবং এসব যানবাহনকে সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় অটোচালক, সিএনজিচালক, শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১ জুলাই) বিকেলে সেতুর উত্তর প্রান্তে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং শত শত চালক অংশ নেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, খেটে খাওয়া অটোরিকশা ও ভ্যানচালকদের কাছ থেকে নিয়মিত টোল আদায় করা অন্যায্য ও অযৌক্তিক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রতিদিনের আয়ের একটি বড় অংশ টোল হিসেবে পরিশোধ করতে হওয়ায় তারা আর্থিকভাবে চাপে পড়ছেন। তাই অবিলম্বে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানকে টোলমুক্ত ঘোষণা এবং টোল আদায় সম্পূর্ণ বন্ধের দাবি জানান তারা। মানববন্ধনে শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং চাঁপাই পৌর একতা অটো শ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রকি। বক্তারা বলেন, গরিব ও মেহনতি মানুষের ওপর টোলের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি চলাকালে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেন এবং একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক আশ্বাস এবং জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রায় দুই ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
© All rights reserved © 2023
Leave a Reply