
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামে একটি নতুন থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে আজ বুধবার প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভা অনুষ্ঠিত হবে। একই সভায় ঢাকার সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্প যুক্ত করার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হবে।
প্রস্তাব অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে পৃথক করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার সুপারিশ করবে।
এছাড়া প্রশাসনিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও সভায় গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
সভায় এসব প্রস্তাব অনুমোদিত হলে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক সেবা আরও সহজ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply