
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
ঢাকা থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আধুনিক আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে জেলার তিন সংসদ সদস্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা। গত মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় রাজধানী ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর) আসনের সংসদ সদস্য মু. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. দেলোয়ার হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মো. আতাউর রহমান, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হক, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, ছাত্রবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম আহমেদ এবং নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম মাসুম। স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বর্তমানে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ধূমকেতু, সিল্কসিটি, পদ্মা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনামসজিদ পর্যন্ত বর্ধিত করা সময়ের দাবি। পাশাপাশি জেলার লাখো মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে
ঢাকা-রহনপুর-ঢাকা রুটে দ্রুত একটি আধুনিক সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।স্মারকলিপি গ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জের তিন সংসদ সদস্য দাবিগুলোর প্রতি সমর্থন জানান। তারা বিষয়টি সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে উত্থাপন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। জেলা সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জবাসীর যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটবে এবং জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
© All rights reserved © 2023
Leave a Reply