
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মহোদয় হাতে স্মারকলিপি প্রদান করেন । এতে নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এলাহি বক্স। স্মারকলিপিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর অনুমোদনের লক্ষ্যে ১৯৭৮ সালের অধ্যাদেশের আওতায় ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান করে। পরবর্তীতে সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ভাতা চালু এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তি কার্যক্রম চালু করে। তবে ২০১৩ সালে সরকার ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সেই প্রক্রিয়ার বাইরে থেকে যায়। এতে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
আরও বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি থাকা সত্ত্বেও এখনো কোনো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষার মানোন্নয়ন ব্যাহত হচ্ছে এবং মেধাবী শিক্ষকরা এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। শিক্ষক নেতারা জানান,অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। দ্রুত এই ঘোষণা কার্যকর করার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপিতে তারা আশা প্রকাশ করেন, বিষয়টি জাতীয় সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যথাযথভাবে উপস্থাপিত হবে এবং প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগে শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়ন হবে।
© All rights reserved © 2023
Leave a Reply