
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের উদ্যোগে এ আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রংপুরের ঐতিহ্যবাহী ‘অঙ্গীকার শিল্পীগোষ্ঠী’ এবং সুন্দরগঞ্জের ‘রংধনু শিল্পীগোষ্ঠী’ মনোমুগ্ধকর ইসলামী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে। তাদের পরিবেশনায় ধর্মীয় আবহ ও সাংস্কৃতিক সৌন্দর্যের অনন্য সমন্বয় ফুটে ওঠে, যা উপস্থিত দর্শকদের মধ্যে ভিন্নধর্মী অনুভূতির সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মাননীয় সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান। সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আগামী নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম।
ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মো. মিন্টু মিয়া খাজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং জামায়াত নেতা রশিদুল ইসলাম রাঙ্গা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাজেদুর রহমান এ ধরণের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন- বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তবে এই উৎসব উদযাপনে নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় চেতনা অক্ষুণ্ণ রাখা জরুরি। ইসলামী সংস্কৃতি মানুষের আত্মিক উন্নয়ন ঘটায় এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে অপসংস্কৃতির বিস্তারের মধ্যে ইসলামী সাংস্কৃতিক চর্চা অত্যন্ত প্রয়োজন। নতুন প্রজন্মকে সুস্থ, সুন্দর ও নৈতিক জীবন গঠনে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন- আমার এ আয়োজনের মূল লক্ষ্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে ভূমিকা পালন এবং নতুন প্রজন্মকে সঠিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।
© All rights reserved © 2023
Leave a Reply