
আব্দুস সালাম গংগাচড়া রংপুর প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদী তীরবর্তী চার উপজেলা, চরাঞ্চল ও নিম্নভূমি প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্লাড বাইপাসসহ ঘরবাড়ি ও স্থাপনা। রাত গভীর হলে এসব এলাকায় পানি ঢুকে প্লাবিত হয়ে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও পানির তোড়ে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে উজানের ঢল আসায় পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে সতর্কতা হিসেবে মাইকিং করছে। এ সময় নদী তীরবর্তী মানুষদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়।
গতকাল রোববার তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে রাত নয়টায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপরে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, আগামী ২৪ ঘণ্টায় উজানের ভারী ঢল এসে নদী এলাকা প্লাবিত হতে পারে। এসময় বিপৎসীমার উপরে পানি প্রবাহ অব্যাহত থাকবে। পানি বৃদ্ধি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজের সব (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের অনেক ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। বেশ কিছু এলাকায় ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ক্ষতিসহ গবাদি পশুপাখি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। নির্ঘুম রাত পার করছে তিস্তাপাড়বাসী।
© All rights reserved © 2026
Leave a Reply