
নাহিদ হাসান নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিস্তৃত ছাতড়া বিলে বৈরী আবহাওয়ার মধ্যেও বোরো ধান কাটার কাজ চলছে দ্রুতগতিতে। প্রায় ২৪ বর্গকিলোমিটার আয়তনের এই বিলে এবছর প্রায় ২ হাজার ১৭ বিঘা জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে অনিশ্চিত আবহাওয়া ও বৃষ্টির আশঙ্কায় কৃষকরা সময়মতো ধান ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। এতে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে এবং মজুরিও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
স্থানীয় কৃষকদের মতে, বর্ষা মৌসুমে বিলটি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এজন্য আগাম বৃষ্টির আশঙ্কায় সবাই একসঙ্গে ধান কাটতে নেমেছেন।
পাশের জন্তইল গ্রামের কৃষক ফিরোজ হোসেন জানান, আবহাওয়ার অবস্থা ভালো না থাকায় দ্রুত ধান কাটা জরুরি হয়ে পড়েছে। কিন্তু পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না, ফলে মজুরি অনেক বেড়ে গেছে।
একই এলাকার শরিফুল ইসলাম বলেন, একসঙ্গে সবাই ধান কাটতে নামায় শ্রমিক সংকট তৈরি হয়েছে। বাধ্য হয়ে বেশি মজুরি দিয়ে কাজ করাতে হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রমিক মিনহাজুল জানান, একসঙ্গে অনেক জমির ধান পেকে যাওয়ায় কাজের চাপ বেড়েছে। তাই মজুরিও কিছুটা বেশি নিতে হচ্ছে।
স্থানীয় শ্রমিকদের মতে, বৃষ্টি হলে বিলের পানি বেড়ে গিয়ে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত ধান কাটা ছাড়া উপায় নেই।
ধানচাষি রহমান অভিযোগ করেন, উৎপাদন খরচ বাড়লেও ধানের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে কৃষকরা একসঙ্গে ধান কাটতে শুরু করায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটার ব্যবস্থা করা হয়েছে, এতে সময় ও খরচ দুটোই কমছে।
© All rights reserved © 2023
Leave a Reply