
মোঃ আসিফুজ্জামান আসিফ
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন তারা।
দলীয় সূত্রে জানা যায়, দুপুরে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল। এ সময় তিনি যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন।
অন্যদিকে, একই এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন সাভার থানা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের, সহ-সভাপতি এখলাস উদ্দিন, সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন।
© All rights reserved © 2026
Leave a Reply