
নিজস্ব প্রতিবেদক | এসটি বাংলা টিভি
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ শেষে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের আটটি লাগেজ নিখোঁজ হয়েছে। এসব লাগেজে খেলোয়াড়দের পাসপোর্ট, মুঠোফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও খেলার সরঞ্জাম ছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর লাগেজ উদ্ধারে কাজ করছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহীর একটি হোটেলে মালামাল নামানোর সময় আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে। খেলোয়াড়দের ৫৪টি লাগেজের মধ্যে আটটি একটি কাভার্ডভ্যান থেকে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে খেলোয়াড়েরা বিমানে রাজশাহী ফেরেন। তাঁদের লাগেজগুলো বিসিবির একটি কাভার্ডভ্যানে করে সড়কপথে নেওয়া হচ্ছিল।
চালকের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে তিনি রাতের খাবার খেতে একটি হোটেলে বিরতি নেন। পরে বুধবার ভোরে পুঠিয়া এলাকার একটি ফিলিং স্টেশনে গাড়ি থামিয়ে কাভার্ডভ্যানের পেছনের দরজা খোলা দেখতে পান। এরপর দরজা বন্ধ করে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হন। গন্তব্যে পৌঁছে মালামাল গণনার সময় আটটি লাগেজের খোঁজ পাওয়া যায়নি।
অভিযোগে বলা হয়েছে, ক্রিকেটার এস এম মেহেরাব হোসেনের লাগেজে পাসপোর্ট, আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, তিন লাখ টাকা, পোশাক ও তিনটি পারফিউম ছিল। এ ছাড়া আব্দুল কাদেরের ম্যাসাজ বেল্ট ও দুই জোড়া জুতা, মোহর শেখ অন্তরের একটি স্পিকার এবং মো. ওয়ালিদের পোশাকের ব্যাগও নিখোঁজ হয়েছে। দলের যৌথ ব্যবহারের পোশাক ও ক্রীড়াসামগ্রী রাখা আরও চারটি বড় ব্যাগেরও সন্ধান মেলেনি।
এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দলের ক্রিকেটার মেহেরাব হোসেন। রাজশাহী ও নাটোরের পুলিশ যৌথভাবে নিখোঁজ লাগেজ উদ্ধারের চেষ্টা করছে।
রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, লাগেজ নিখোঁজের ঘটনায় পুরো দল বিব্রত ও মর্মাহত। অভিযোগ পাওয়ার পর পুলিশ গুরুত্ব দিয়ে মালামাল উদ্ধারে কাজ করছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি নাটোর অথবা রাজশাহীর মহাসড়ক এলাকায় ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাগেজ উদ্ধারে প্রযুক্তির সহায়তায় দুই জেলার পুলিশ কাজ করছে।
আগামী ১৮ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে রাজশাহী দলের পরবর্তী ম্যাচ হওয়ার কথা। এর আগে প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে উদ্বেগে রয়েছেন খেলোয়াড়েরা।
© All rights reserved © 2026
Leave a Reply