
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালেই ভর্তি হয়েছেন ৫১ জন। সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) পর্যন্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে জেলায় মোট ২ হাজার ১৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দুইজনের। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। প্রতিবেদন অনুযায়ী, উপজেলা পর্যায়েও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় শিবগঞ্জে ৮ জন, গোমস্তাপুরে ৫ জন, নাচোলে ৩ জন এবং ভোলাহাটে ২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৭৪ জন পুরুষ এবং ৩৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৫২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন জানান, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply