
মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার কিশোর চাচার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
রোববার (৪ অক্টোবর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করা হয়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) সকালে শিশুটির মা তার অসুস্থ বড় মেয়েকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করতে যান। এ সময় ৭ বছর বয়সী মেয়েকে বাড়িতে রেখে যান তিনি। শিশুটির বাবাও রাজমিস্ত্রির কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। পরে হাসপাতাল থেকে বিকেলে বাড়ি ফিরে মা দেখতে পান, শিশুটি ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। তখন শিশুটিকে জিজ্ঞাসা করলেও সে কোনো কথা বলেনি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে রোববার সন্ধ্যায় শিশুটিকে একান্তে জিজ্ঞাসা করলে আগের দিন সকালে তার সঙ্গে অভিযুক্ত চাচা অনৈতিক কাজ করেছে বলে মাকে জানায় শিশুটি। বিষয়টি জানার পর ওই রাতেই শিশুটির মা থানায় গিয়ে মামলা করেন।
নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, “ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় আইনগত ও চিকিৎসাসংক্রান্ত সহায়তার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply