
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও স্থানীয় বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিস্ফোরণস্থল থেকে মানুষের হাতের আঙুল, হাড় ও মাংসের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। তবে আহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া ও কবিরাজপাড়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজপাড়ার নবাবের বাগান এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। সেগুলো নিরাপদে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলিল লেখক মো. আব্দুল ওদুদ মহরী এবং একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন ও তাদের অনুসারীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাইকড়তলা মোড়ে উভয় পক্ষের দুই অনুসারীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়। পাশাপাশি বিগত স্থানীয় নির্বাচন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজপাড়ার নবাবের বাগানে দুটি ককটেল বিস্ফোরণের পর সেখানে মানুষের হাতের আঙুল, হাড় ও মাংসের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। তবে এসব দেহাংশ কার, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের সময় কোনো ব্যক্তি ককটেল হাতে রেখেছিলেন এবং সে কারণেই তিনি আহত হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে মহারাজপুর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সতর্কতা প্রয়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন।
© All rights reserved © 2023
Leave a Reply