
বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান:
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে “একটি হৃৎস্পন্দনও উপেক্ষা করবেন না”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে সচেতনতামূলক র্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ফেনী কার্ডিয়াক সেন্টার।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফেনী কার্ডিয়াক হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ধূমপান, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার, শারীরিক পরিশ্রমের অভাব এবং মানসিক চাপসহ বিভিন্ন কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ছে।
ফেনী কার্ডিয়াক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে দেশে হৃদরোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। হৃদরোগ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করতেই বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বিশেষ ছাড়
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সোমবার দিনব্যাপী সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ইটিটি, আল্ট্রাসনোগ্রামসহ হৃদরোগ-সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা।
এছাড়া দিনব্যাপী বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এসময় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. মোফাজ্জল হক রায়হান হৃদরোগ প্রতিরোধে নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রমের পাশাপাশি ধূমপান পরিহার, পরিমিত লবণ গ্রহণ, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের পরামর্শ দেন।
বিশ্ব হার্ট দিবসের এ আয়োজনের মাধ্যমে হৃদরোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
© All rights reserved © 2023
Leave a Reply