1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মির্জাপুরে একই জমির মালিকানা নিয়ে বিরোধ, আদালতে দুই পক্ষের মামলা - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মির্জাপুরে একই জমির মালিকানা নিয়ে বিরোধ, আদালতে দুই পক্ষের মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ Time View

 

আবু নাসির বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে একই জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এক পক্ষ পুরোনো দলিলের ভিত্তিতে জমির মালিকানা দাবি করছে। অপর পক্ষের দাবি, আরএস ও বিআরএস রেকর্ড অনুযায়ী জমিটির ওপর তাদের অধিকার রয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুড়িপাড়া মৌজার সিএস ৮১৩ ও ৮১৪ নম্বর দাগে ১৯৪১ সালের ১২ আগস্ট হাকিম উদ্দিন সেকের কাছ থেকে মো. ওয়াহেদ আলী সেক ২১ শতাংশ জমি সাব-কবলা দলিলের মাধ্যমে কেনেন। এরপর ১৯৪৩ সালের ৩ নভেম্বর মোহাম্মদ আলী সেকের কাছ থেকে একই দাগ ও খতিয়ানে আরও ১৫ শতাংশ জমি কেনেন তিনি। দুইটি দলিলের মাধ্যমে ওয়াহেদ আলী মোট ৩৬ শতাংশ জমির মালিক হন বলে উভয় পক্ষের বক্তব্যে উঠে এসেছে।

পরবর্তী সময়ে ১৯৬২ সালের আরএস জরিপে ওই ৩৬ শতাংশ জমির মধ্যে ২৪ শতাংশ পলান গংদের নামে এবং ১২ শতাংশ আব্দুল গফুর গংদের নামে রেকর্ড হয়। পরবর্তীতে বিআরএস জরিপেও ২৪ শতাংশ পলান গং এবং ১২ শতাংশ গফুরের উত্তরাধিকারীদের নামে রেকর্ড হওয়ার তথ্য পাওয়া যায়।

এক পক্ষের বক্তব্য:

গফুরের উত্তরাধিকারী তোফাজ্জল হোসেন তারিমুদ্দিনের দাবি, আরএস ও বিআরএস রেকর্ড অনুযায়ী ১২ শতাংশ জমির মালিক তারা। উত্তরাধিকার সূত্রে জমিটি পাওয়ার পর নিজেদের নামে নামজারি করে দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে রয়েছেন।

তার অভিযোগ, সম্প্রতি আজগানা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদল মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ছেলেকে মারধর এবং জমি দখলের চেষ্টা করেছেন। পরে ওই জমিতে বেড়া দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আদালতে মামলা করেছেন এবং আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান।

অপর পক্ষের বক্তব্য:

অভিযোগ অস্বীকার করে বাদল মিয়া বলেন, তার দাদা ওয়াহেদ আলী দুইটি সাব-কবলা দলিলের মাধ্যমে ওই জমি কিনে ৩৬ শতাংশের মালিক হন। পরবর্তী আরএস জরিপে ভুলবশত ১২ শতাংশ জমি অন্যের নামে রেকর্ড হয়েছে বলে দাবি করেন তিনি।

বাদল মিয়ার ভাষ্য, সম্প্রতি পুরোনো দলিল খুঁজে পাওয়ার পর দলিলের ভিত্তিতে তারা জমিটি বুঝে নিয়েছেন। জমির রেকর্ডের ধারাবাহিকতা সংশোধনের জন্য আদালতে মামলা করা হয়েছে। আদালতের সিদ্ধান্তই তারা মেনে নেবেন বলে জানান তিনি।

এ ছাড়া তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বাদল মিয়া। তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয়দের বক্তব্য:

স্থানীয় কয়েকজন বাসিন্দা ডালিমন নেছা, শামীম মিয়া ও রুবেল মিয়ার দাবি, বাদল মিয়া ও তার পরিবারের জমিটি দীর্ঘদিন দখলের বাইরে ছিল। সম্প্রতি তারা সেখানে গিয়ে বেড়া দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, জমিটি দলিলের ভিত্তিতে বাদল মিয়া ও তার পরিবারের সম্পত্তি।

স্থানীয় ইউপি সদস্য হাজী সানোয়ার হোসেন বলেন, একটি পক্ষ ১৯৪১ ও ১৯৪৩ সালের দলিলের ভিত্তিতে এবং অপর পক্ষ আরএস ও বিআরএস রেকর্ডের ভিত্তিতে জমিটির মালিকানা দাবি করছে। উভয় পক্ষই আদালতে মামলা করেছে।

তিনি বলেন, আদালতের রায় না হওয়া পর্যন্ত দুই পক্ষেরই ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা উচিত। একই সঙ্গে বিরোধটি দ্রুত আইনগতভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই জমিটির চূড়ান্ত মালিকানা আদালতের সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি