
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তোলার লক্ষ্যে ‘টাউন হল সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং উত্তরবঙ্গের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমের কার্যকর প্রচার ও সফল বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংকার, কৃষি ও এসএমই উদ্যোক্তা এবং বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোং মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর পরিচালক এ.কে.এম. গোলাম মাহমুদ, সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান এবং দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদ ইমাম।
বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ টাউন হল সভায় লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে সোনালী ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। এতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও স্থানীয় কৃষি ও এসএমই খাতের উদ্যোক্তারা অংশ নেন। সভায় বক্তারা বলেন, পুনঃঅর্থায়ন স্কিমগুলোর সঠিক ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের কৃষি ও এসএমই খাতে নতুন গতি সঞ্চার করা সম্ভব। এর ফলে কৃষিভিত্তিক উৎপাদন ও উদ্যোক্তা কার্যক্রম বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। তারা এসব স্কিমের সুযোগ সম্পর্কে কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
© All rights reserved © 2026
Leave a Reply