
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শামসুল আলম এবং সহ-সভাপতি পদে সেলিম রেজা নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে শামসুল আলম ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক পেয়েছেন ২৯ ভোট। সহ-সভাপতি পদে সেলিম রেজা ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুরকান আলি হাসিব পেয়েছেন ৩৬ ভোট। এছাড়া সমবায়ীদের প্রত্যক্ষ ভোটে সদস্য পদে নির্বাচিত হয়েছেন লিয়াকত আলি ও তোজ্জাম্মেল হক। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আব্দুল কুদ্দুস, আনসার আলী, সায়েরা বেগম ও রহিমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা সমবায় অফিসার মো. আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোখলেছুর রহমান ও ইউসিসিএ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সমবায়ী সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সদর ইউসিসিএ’র উন্নয়ন এবং সমবায়ীদের স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2026
Leave a Reply