
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম রাজা প্যারোলে মুক্তি পেয়ে কড়া পুলিশি নিরাপত্তায় তার বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন।
গত ২৯ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিলে যোগ দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কয়েকজন নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আজহারুল ইসলাম রাজাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৩০ আগস্ট সকাল ১০টায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, আজ সকাল সাড়ে ৭টার দিকে স্ট্রোক করে ইন্তেকাল করেন আজহারুলের বাবা মো. সোহরাব উদ্দিন ব্যাপারী। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর আড়াইটায় বিভিন্ন শর্ত সাপেক্ষে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে তাকে জানাজাস্থলে নেওয়া হয়। জানাজা শেষে তিনি তার মা, স্ত্রী ও সন্তানের সঙ্গে সংক্ষিপ্ত সময় সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে পুনরায় তাকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।
এ সময় তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মন্ডল ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply