
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ অভিযান চালিয়ে মানিকগঞ্জের একটি ডাকাতি মামলার সন্দেহভাজন পলাতক আসামি মো. নাদিম (২০)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ ও এসআরবি-৪-এর সদস্যরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর বাজার এলাকার একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাদিম গোমস্তাপুর উপজেলার ফকিরবাড়ী গ্রামের মো. জিয়াউল হকের ছেলে। তার মায়ের নাম নাজমা।
এসআরবি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ আগস্ট রাতে মানিকগঞ্জ সদর থানাধীন ভারাড়িয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় বাদী প্রবীর চন্দ্র লীল ও তার বাবা একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ ও রুপার অলংকার এবং নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চারজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে বাবা-ছেলেকে আঘাত করে এবং অলংকার ও নগদ টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকে জড়িতরা আত্মগোপনে থেকে পলাতক ছিলেন। মামলার সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও এসআরবি-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের যৌথ অভিযানে গোমস্তাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে নাদিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
© All rights reserved © 2023
Leave a Reply