
আব্দুর রউফ ভূঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জে মোবাইল ও অনলাইনভিত্তিক জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কিশোরগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে অভিযানের বিষয়ে বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং কিশোরগঞ্জ মডেল থানার সহযোগিতায় পরিচালিত বিশেষ অভিযানে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অংশ নেন। শহরের বিভিন্ন স্থানে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনা ও এতে অংশগ্রহণের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানের বিভিন্ন পর্যায়ে মোট ২১ জনকে আটক করা হয়েছে।
সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ সমাজকে এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা চক্রের বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রয়েছে। প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, অনলাইন জুয়া ও প্রযুক্তিনির্ভর অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত ও আরও জোরদার করা হবে।
আটক ২১ জনের বিরুদ্ধে প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved © 2026
Leave a Reply