
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লাইসেন্সবিহীন দোকান ও গোডাউনে অবৈধভাবে ১৫ ব্যারেল ডিজেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। একই সঙ্গে মজুদ করা ডিজেলগুলো জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত উপজেলার ভেরেন্ডি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে লাইসেন্সবিহীনভাবে ডিজেল মজুদের বিষয়টি ধরা পড়ে। অভিযানে ভেরেন্ডি বাজারের nচৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন চৌধুরীর গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০(ঙ) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় গোডাউনে মজুদ রাখা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ২৯০ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ডিজেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply