
আব্বাস উদ্দিন: বিজয়নগর (ব্রাহ্মণ বাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহবাজপুর (মুড়া হাটি) এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেজামুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় রহিমের বসতবাড়ির পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর থেকে আবুল কালামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০ বোতল স্কফ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা স্কফ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আবুল কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়েছে।
বিজয়নগর থানায় করা মামলার এফআইআর নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩৬৫। একই দিন মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশের ভাষ্য, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply