
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার দুই বছরেও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। দ্রুত শোধনাগারটি চালু করে সুপেয় পানি সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন তারা। একই সঙ্গে পৌরসভার চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়েছে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও শোধনাগারটি এখনো চালু হয়নি। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত স্থাপনাটি পড়ে থাকলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।
বক্তারা আরও বলেন, পানি শোধনাগার নির্মাণের পরও পৌরবাসীর ঘরে সুপেয় পানি না পৌঁছানো অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করে শোধনাগারটি চালু এবং পৌরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। বিশেষ করে রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে বক্তারা কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরবাসী এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, শাহিন আলম, পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুসহ স্থানীয়রা।
মানববন্ধন থেকে আগামী ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালু করে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
© All rights reserved © 2023
Leave a Reply