
এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে ঠিকাদারদের অপরিকল্পিত ও দীর্ঘসূত্রতার ড্রেন নির্মাণকাজের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আর জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির নেতা ওবায়েদ পাঠান।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পৌরসভার প্রশাসকের প্রতি আহ্বান জানান তিনি। ওবায়েদ পাঠান বলেন, “নগরীর বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণের কাজ বছরের পর বছর ধরে চলছে। কিন্তু এসব কাজে কোনো সুপরিকল্পনা দেখা যাচ্ছে না। অনেক জায়গায় কাজ শেষ না করেই ফেলে রাখা হয়েছে। ফলে সেখানে পানি জমে মশার বংশবিস্তার হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতির জন্য ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রশাসন কোনোভাবেই দায় এড়াতে পারে না।” তিনি আরও বলেন, প্রতিদিনই ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। অথচ ডেঙ্গু প্রতিরোধে নগরীতে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ যথেষ্ট নয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নগরীর জলাবদ্ধতা দ্রুত নিরসন, অপরিকল্পিত ও অসমাপ্ত ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করা, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং মশক নিধন কার্যক্রম জোরদারের দাবি জানান বিএনপির এই নেতা।
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
© All rights reserved © 2023
Leave a Reply