
আব্দুর রউফ ভূঁইয়া: জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, কিশোরগঞ্জ।
সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় চিকিৎসকেরা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। রোগ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে।
তারা আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে ব্যক্তি ও পরিবারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মজিবর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মো. এরশাদ আহসান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. একরাম আহসান, ড্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ডা. মো. আতিকুল সারোয়ার এবং ড্যাবের নেতৃবৃন্দসহ চিকিৎসক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আতাউর রহমান। তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণ, লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্যাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মীর নূর উস সাদ। এতে ড্যাবের সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন।
আয়োজকেরা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ কমাতে শুধু হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগের ওপর নির্ভর করলে চলবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব।
© All rights reserved © 2023
Leave a Reply