
মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপনের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এক চিহ্নিত মাদক কারবারির। প্রায় এক ঘণ্টার তল্লাশি শেষে তাকে আটক করে পুলিশ। পরে তার মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ঠুটা পাইকর এলাকায় এ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক কারবারি মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের উদ্দেশে গাঁজা নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস দল ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়।
বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পাশের সেতুর কাছে খালে ঝাঁপ দেয়। পরে কচুরিপানার নিচে লুকিয়ে আত্মগোপনের চেষ্টা করে। স্থানীয় জনতা ও পুলিশের যৌথ তল্লাশিতে প্রায় এক ঘণ্টা পর তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. মাহবুবুল (৩২)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকার নুর ইসলামের ছেলে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক প্রধান
জানান, আটক মাহবুবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নাগেশ্বরী থানাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply