
আবিদুল রহমান বাবুল স্টাফ রিপোটার : চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া, মারামারি, হত্যাচেষ্টা, ডাকাতি, অপহরণ ও চেকসংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৫টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া এলাকার মো. ওয়াসিম। তিনি জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর একটি মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া চন্দনাইশ থানার একটি নিয়মিত মামলায় উত্তর হামিশপুর, পূর্ব ছৈয়দাবাদ এলাকার ইউনুছ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৪৪৭, ৪৪৮, ৪২৭ ও ৫০৬(২) ধারায় মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, বাকলিয়া থানার ২০১৯ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ওয়াসিমকেও গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় তার বিরুদ্ধে সাজা ও পরোয়ানা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে চন্দনাইশ থানার ২০১৯ সালের একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. জামাল উদ্দিন ফেরদৌসকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা রয়েছে।
অন্যদিকে সিআর ৬১৫/২৪ নম্বর মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাশ বিশ্বাসকে দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামিজুরী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া রাঙ্গুনিয়া থানার ২০০৪ সালের একটি মামলায় ডাকাতি ও অপহরণসহ পেনাল কোডের ৩৯৫, ৩৯৭ ও ৩৬৪ ধারায় দায়ের করা মামলার আসামি মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দায়রা ও জিআর মামলার পরোয়ানা ছিল বলে জানিয়েছে থানা পুলিশ।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বিশেষ অভিযানের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে যথাযথ পুলিশ পাহারায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দনাইশ থানার পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, সন্ত্রাস, অপরাধী ও বিভিন্ন মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply