
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধকে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
লোহাগড়া থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-১৫০৭, তারিখ ৩১ জুলাই ২০২৬-এর সূত্রে জানা যায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (প্রবেশন কর্মকর্তা) পুলিশের সহায়তায় শুক্রবার ভোররাত প্রায় ৪টার দিকে আনুমানিক ৭০ থেকে ৭৫ বছর বয়সী ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। তিনি বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় নিজের নাম-পরিচয় বা স্থায়ী ঠিকানা জানাতে পারেননি।
প্রবেশন কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনা করে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১-এর ধারা ১০(৩)(খ) অনুযায়ী তাকে ভবঘুরে হিসেবে ঘোষণা করা হয়।
আদেশে বলা হয়েছে, ওই ব্যক্তির নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের স্বার্থে তাকে সরকারি অভ্যর্থনা কেন্দ্র (সরকারি আশ্রয়কেন্দ্র), মিরপুর, ঢাকায় পাঠানোর জন্য লোহাগড়া থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সরকারি অভ্যর্থনা কেন্দ্রের সহকারী ব্যবস্থাপককে প্রচলিত বিধি অনুযায়ী ওই ব্যক্তির পুনর্বাসন ও প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অজ্ঞাত পরিচয়ের অসহায়, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের নিরাপত্তা, আশ্রয় এবং পুনর্বাসন নিশ্চিত করতে প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন লোহাগড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মুস্তাফিজুর রহমান। আদেশের অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সরকারি অভ্যর্থনা কেন্দ্র (মিরপুর), লোহাগড়া থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।
Leave a Reply