
গাইবান্ধা প্রতিনিধি:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে ঘটে যাওয়া স্লোগান বিতর্কের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে এনসিপির সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা শাখা।
দলীয় সূত্র জানায়, গত ২৯ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে এনসিপির মূখ্য সংগঠক সারজিস আলম ও মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর গাড়িবহরে সংঘটিত হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা শাখার উদ্যোগে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, মিছিল চলাকালে দায়িত্বপ্রাপ্ত স্লোগানদাতা সাময়িকভাবে থেমে গেলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ হ্যান্ড মাইক নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে লক্ষ্য করে একটি উস্কানিমূলক স্লোগান দেন। বিষয়টি নেতাকর্মীদের নজরে আসার সঙ্গে সঙ্গে তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির কাছ থেকে হ্যান্ড মাইকটি নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন।
এ ঘটনায় এনসিপির সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা শাখা এক বিবৃতিতে জানায়, ওই স্লোগান দলের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত, নীতি বা অবস্থানকে প্রতিফলিত করে না। ঘটনাটিকে সম্পূর্ণ অনভিপ্রেত উল্লেখ করে দলটির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শৃঙ্খলাপূর্ণ কর্মসূচিই একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাইক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও কর্মসূচির সার্বিক তদারকিতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া সকলের প্রতি ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে এনসিপির সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা শাখা।
Leave a Reply