
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঔষধি উদ্ভিদভিত্তিক ডাটাবেস নির্মাণ প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তরুণ গবেষক আসিফুজ্জামান জিসান।
উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদি গ্রামের এই মেধাবী তরুণ বাংলাদেশের প্রথম বায়োইনফরম্যাটিক্স প্রতিষ্ঠান Dawn of Bioinformatics Limited (ডিওবি)-এর গবেষণা প্ল্যাটফর্ম ‘ডনিল্যাব’-এর “বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্ট ফাইটোকেমিক্যালস ডাটাবেস (বিএমপিপিডি)” প্রকল্পের গবেষণা কার্যক্রমে যুক্ত ছিলেন।
গবেষকদের তথ্য অনুযায়ী, বিএমপিপিডি বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও সুসংগঠিত ঔষধি উদ্ভিদভিত্তিক ডাটাবেস। এতে ৭০০-এর বেশি ঔষধি উদ্ভিদ এবং প্রায় ১ লাখ ১৩ হাজার ফাইটোকেমিক্যাল এন্ট্রি সংরক্ষিত রয়েছে। পাশাপাশি ৬০ হাজারেরও বেশি অনন্য যৌগ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতে ওষুধ আবিষ্কার, ফার্মাসিউটিক্যাল গবেষণা এবং প্রাকৃতিক উৎসভিত্তিক ড্রাগ ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিওবি’র স্বীকৃতি তালিকা অনুযায়ী, জিসান গবেষণা সহায়তা, তথ্য বিশ্লেষণ ও প্রকল্প সমন্বয় কার্যক্রমে অবদান রেখেছেন। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মানের বায়োইনফরম্যাটিক্স ডাটাবেস নির্মাণে বাংলাদেশের তরুণ গবেষকদের অংশগ্রহণ দেশের গবেষণা সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।
বর্তমানে তিনি অনুজীব বিজ্ঞান ও বায়োইনফরম্যাটিক্সভিত্তিক গবেষণায় প্রাকৃতিক যৌগ, ওষুধ নকশা এবং ইন-সিলিকো গবেষণা নিয়ে কাজ করছেন। আলঝেইমার, ক্যান্সার ও উদ্ভিদভিত্তিক থেরাপিউটিক যৌগ বিশ্লেষণ তার গবেষণার প্রধান আগ্রহের ক্ষেত্র।
শিক্ষাজীবনে জিসান হোসেনপুর সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে অনুজীব বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিসান বলেন, “আধুনিক জীববিজ্ঞান ও বায়োইনফরম্যাটিক্স গবেষণায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোই আমার লক্ষ্য।”
উল্লেখ্য, তিনি হোসেনপুর উপজেলার একটি সুপরিচিত পরিবারের সন্তান। তার পিতা প্রয়াত খুর্শেদুজ্জামান ছিলেন সত্তরের দশকের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক।
গবেষণা প্রতিষ্ঠান ডিওবি জানিয়েছে, বায়োইনফরম্যাটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জীবনবিজ্ঞানকে সমন্বয় করে বাংলাদেশ থেকেই বৈশ্বিক মানের গবেষণা অবদান সৃষ্টি করাই তাদের লক্ষ্য। সংশ্লিষ্টদের মতে, বিএমপিপিডি প্রকল্পে তরুণ গবেষকদের সম্পৃক্ততা বাংলাদেশের বায়োইনফরম্যাটিক্স গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
© All rights reserved © 2023
Leave a Reply