
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৯ কোটি ৪০ লাখ ১১ হাজার ৫৭২ টাকার বাজেট ঘোষণা করেছে। রোববার (২১ জুন) বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা পরিষদের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। ঘোষিত বাজেটে বিভিন্ন খাতের নিজস্ব আয় ধরা হয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে ৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এছাড়া অন্যান্য খাতে আয় ১ কোটি ৪৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৩০ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৭২ টাকা মিলিয়ে মোট আয় নির্ধারণ করা হয়েছে ৫৯ কোটি ৪০ লাখ ১১ হাজার ৫৭২ টাকা। একই পরিমাণ অর্থ ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজেটে সাধারণ ও অন্যান্য সংস্থাপন ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৭৪৫ টাকা। নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ২৫৫ টাকা এবং সরকারি অনুদান থেকে উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এছাড়া বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯৬ লাখ ৮২ হাজার ৩৬২ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ২২ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার ৭১০ টাকা। সভায় বাজেটের অর্থ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যয়ের প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় বিভিন্ন উন্নয়নমূলক বিষয়েও আলোচনা করা হয়। বিবিধ আলোচনায় জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চলতি বছরে ১ হাজার ৫০০টি বৃক্ষের চারা রোপণ করবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা সোলার প্যানেলগুলো সংস্কার করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, জেলা পরিষদ প্রতিবছর উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের অনুদান প্রদান, শিশু ও বৃদ্ধদের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কম্পিউটার প্রশিক্ষণ এবং দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
© All rights reserved © 2023
Leave a Reply