
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতীয় পর্যায়ের কুইজ (বাংলা) ও বিতর্ক কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার (১৬ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বাংলা কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান এবং বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে এনেছে। বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে
জানা গেছে, জাতীয় পর্যায়ের বাংলা কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইমান কানিতা। তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। অন্যদিকে, জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল দ্বিতীয় স্থান অর্জন করে। দলটির যুক্তিনির্ভর উপস্থাপনা, আত্মবিশ্বাসী বক্তব্য ও চমৎকার পারফরম্যান্স বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের দীর্ঘদিনের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেন আরও বড় অর্জন করতে পারে, সে লক্ষ্যে বিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, আগামী দিনেও নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করে জেলার সুনাম বৃদ্ধি করবে।
© All rights reserved © 2023
Leave a Reply