
জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শনিবার (১৬ আগস্ট) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহাসমারোহে পালিত হয়েছে। ধর্মীয় ভক্তি, পূজা-অর্চনা, বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা দিবসটি আনন্দ-ভক্তি ও উৎসাহের সাথে পালন করেন।
উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এনএফএস অনুষদের সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি এবং সদস্য সচিব ছিলেন সহকারী খামার তত্ত্বাবধায়ক রবীন চন্দ্র শীল। এছাড়া প্রফেসর ড. গোপাল সাহা, প্রফেসর অনুপ কুমার মন্ডলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। নানা বর্ণের পতাকা, ফুল ও ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত হয়ে র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয় মন্দিরে অনুষ্ঠিত হয় অভিষেক ও পূজা অর্চনা, যেখানে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা গভীর ভক্তি-সুধায় অংশ নেন। পরবর্তীতে হয় আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনের শেষ পর্বে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই দিনটি উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “শ্রীকৃষ্ণ সত্য, ন্যায়, প্রেম ও মানবিকতার প্রতীক। তাঁর জীবনদর্শন আমাদের শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় হতে, ন্যায় প্রতিষ্ঠায় অটল থাকতে এবং সকলের প্রতি সমানভাবে ভালোবাসা প্রদর্শন করতে। জন্মাষ্টমীর এই মহোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং মানবতার উৎসব। এ দিন আমাদের সমাজে ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দিক—এই প্রত্যাশাই করি।”
পবিপ্রবির শান্ত-নিরিবিলি সবুজ ক্যাম্পাসে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত এ জন্মাষ্টমী যেন সকলের হৃদয়ে বয়ে আনে ভক্তি, ভালোবাসা ও মিলনের অনন্ত বার্তা।
© All rights reserved © 2026
Leave a Reply