
মুহাম্মদ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত রাখার খবর পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
দুপুর ১টা থেকে শুরু হওয়া অভিযানে সন্দেহজনক এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালানো হয়। পরে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের ভেতর অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা মোট ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধার করা গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধে তারা কাজ করে যাচ্ছে। পাশাপাশি অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply