
মোঃ সবুজ সরদার , উপজেলা প্রতিনিধি লোহাগড়া (নড়াইল):
উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক নবগঙ্গা নদী আজ অস্তিত্ব সংকটে। লোহাগড়া বাজারের আবর্জনা ও পচা বর্জ্য দিনের পর দিন প্লাস্টিকের বস্তা ভরে ফেলা হচ্ছে নবগঙ্গার বুকে। দিন কি রাত—অব্যাহত এই অনিয়মের কারণে দূষিত হচ্ছে পানি, ভরাট হয়ে বিলীন হওয়ার পথে ঐতিহ্যবাহী এই নদী।
আজ ১০ আগস্ট ২০২৬, সকাল ৭:৩০ মিনিটেও সরেজমিনে দেখা যায়, লোহাগড়া-লক্ষ্মীপাশা ব্রিজের ওপর ভ্যানে করে বর্জ্য ভর্তি একের পর এক বস্তা এনে সরাসরি নদীতে ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং বাজার কমিটি, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চীনা প্রকল্প সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণে ব্রিজের ওপর থেকে এভাবে প্রতিদিন অনায়াসে উন্মুক্ত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে।
বর্জ্য পচে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে, দেখা দিচ্ছে উৎকট দুর্গন্ধ। এতে একদিকে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে, অন্যদিকে জলজ প্রাণী ও নদীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। নাব্য হারিয়ে সংকুচিত হয়ে আসছে নদীটি।
এলাকাবাসীর দাবি, নদীটিকে রক্ষা করতে হলে ব্রিজের ওপর থেকে বর্জ্য ফেলা অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে যারা নিয়মিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে বর্জ্য ফেলে পানি নষ্ট করছে ও নদীর অস্তিত্ব সংকটে ফেলছে, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।
উপজেলা ও জেলা প্রশাসনের প্রতি আকুল আবেদন—দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ করে নবগঙ্গা নদীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হোক।
মোবাইল নাম্বার ০১৭১২৪৬৮৮৮০
Leave a Reply